ভারতের হয়ে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন অজিঙ্কা রাহানে। তবে জাতীয় দলকে বিদায় বললেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মাধ্যমে আয়ের একটি উৎস টিকে থাকছে তাঁর। বোর্ডের পেনশন নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ শ্রেণির পেনশন পাবেন এই সাবেক টেস্ট অধিনায়ক।
গত ৩০ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রাহানে। ২০১১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ব্যাটসম্যান তাঁর দেশের হয়ে খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টুয়েন্টি।
বিসিসিআইয়ের পেনশন কাঠামো অনুযায়ী, সবচেয়ে বেশি টাকা পাবেন যাঁরা ৫০টির বেশি টেস্ট খেলেছেন। রাহানে এই ক্যাটাগরিতে থাকায় প্রতি মাসে তিনি ৭০ হাজার রুপি (প্রায় ৯০ হাজার টাকা) করে পাবেন।
তবে এই পেনশন পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। রাহানে যদি ভবিষ্যতে বিসিসিআইয়ের অধীন কোচ, নির্বাচক বা অন্য কোনো বেতনভুক্ত দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ওই সময় তাঁর পেনশন সাময়িকভাবে বন্ধ থাকবে। দায়িত্ব শেষ হলে আবার পেনশন চালু হবে।
অবসরের পর কী করবেন, এখনও জানাননি অজিঙ্কা রাহানে ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটাররা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী অবসরের পর পেনশন পেয়ে থাকেন। ২০২২ সালের আগে ৫০টির বেশি টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড সে বছরে অর্থের পরিমাণ ২০ হাজার রুপি বাড়ায়। ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা ক্রিকেটারদের পেনশন ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে করা হয়েছিল ৬০ হাজার রুপি।
ভারতের হয়ে রাহানের সবচেয়ে স্মরণীয় সাফল্যগুলোর একটি ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে আসার পর ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক সেই সিরিজ জিতিয়েছিলেন রাহানে।
সব ধরনের ক্রিকেট ছেড়ে রাহানে বললেন, ‘এটাই সঠিক টাইমিং’