জুমার দিনের কিছু সহজ আমল
জুমার দিনটা মুসলিমদের জন্য সপ্তাহের সেরা দিন। এদিন কিছু বিশেষ আমল আছে, যা করলে অনেক সাওয়াব পাওয়া যায়। আর এগুলো করা খুব কঠিনও নয়।
প্রথমত, জুমার নামাজের আগে গোসল করা সুন্নত। অনেকেই জানেন, কিন্তু অনেকে ভুলে যান। গোসলের পাশাপাশি ভালো কাপড় পরা এবং সুগন্ধি ব্যবহার করা ভালো। এতে মনও ভালো থাকে।
দ্বিতীয়ত, মসজিদে একটু আগে যাওয়ার চেষ্টা করা উচিত। আগে গেলে বেশি সাওয়াব। ফেরেশতারা সেই সময় নেকি লিখতে থাকেন। খুব ভোর না হলেও, খুতবা শুরুর আগে পৌঁছানোই যথেষ্ট।
তৃতীয়ত, সুরা কাহফ পড়ার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। শুক্রবার রাতে বা দিনে যে কেউ এই সুরা পড়ে, তার জন্য দুই জুমার মাঝে বিশেষ নূর বা আলোর ব্যবস্থা করেন আল্লাহ। সময় করে পড়ে নেওয়াই ভালো।
চতুর্থত, জুমার দিন দরুদ পড়া বেশি বেশি করে পড়া উচিত। রাসূল (সা.) বলেছেন, এদিন আমার ওপর দরুদ পড়লে তা আমার কাছে পৌঁছানো হয়।
পঞ্চমত, জুমার দিনে একটা বিশেষ সময় আছে, যখন দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, আসর থেকে মাগরিবের মধ্যে সেই সময়। এই সময়টাতে দোয়া করার চেষ্টা করা ভালো।
সবশেষে, খুতবার সময় একদম চুপ থাকতে হবে। খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বলা বা অন্য কোনো কাজ করলে সাওয়াব কমে যায়।
এই আমলগুলো খুবই সাধারণ, কিন্তু ফজিলত অনেক। প্রত্যেকেরই চেষ্টা করা উচিত নিয়মিত এগুলো করার। আল্লাহ সবাইকে তাওফিক দিন।